# Tags

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য নাটোরে ইউপি সদস্য দুলু

নাটোর প্রতিনিধি:“ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়”এই কথাটির জীবন্ত প্রমাণ দিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। বয়স ৫২ হলেও থামেননি। ৩৫ বছর পর আবারও বই-খাতা হাতে তুলে নিয়ে অংশ নিয়েছেন এসএসসি সমমানের দাখিল পরীক্ষায়। যদিও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তবুও মনোবলে এতটুকু ভাংগেনি তার।

ছোটবেলায় ছিলেন মেধাবী। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি ও ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি অর্জন করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন। সে ঘটনা এতটাই প্রভাব ফেলে যে তখনই থেমে যায় তার শিক্ষাজীবন।

তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে জয়লাভের মাধ্যমে জীবনে নতুন আত্মবিশ্বাস ফিরে পান দেলোয়ার হোসেন দুলু। তখনই সিদ্ধান্ত নেন, জীবনের অপূর্ণ অধ্যায়টি পূরণ করবেন। ভর্তি হন রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বিমুখী দাখিল মাদ্রাসায় এবং ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশ নেন।

সব বিষয়ে ভালোভাবে উত্তীর্ণ হলেও ইংরেজিতে পাস করতে পারেননি। তবুও থেমে যাওয়ার পাত্র নন দুলু। তিনি বলেন, “আমার পরিবারের সবাই শিক্ষিত। শুধু আমিই পিছিয়ে ছিলাম। এটা আমাকে কষ্ট দিত। এবার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আগামীবার ইংরেজি পাশ করেই ছাড়ব।”

জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “এই বয়সে পরীক্ষার হলে বসা কোনো সহজ বিষয় নয়। দুলু ভাই প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি থাকলে বয়স কিছুই না।”